আওয়ামী লীগ

সপ্তাহের মধ্যে ফ্যাসিস্টদের ব্যবস্থা না নিলে ইবি প্রশাসনকে লাল কার্ড: শাখা ছাত্রদল আহ্বায়ক

প্রিন্ট
সপ্তাহের মধ্যে ফ্যাসিস্টদের ব্যবস্থা না নিলে ইবি প্রশাসনকে লাল কার্ড: শাখা ছাত্রদল আহ্বায়ক

ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক


প্রকাশিত : ৬ আগস্ট ২০২৫, সকাল ১০:৩৭

এক সপ্তাহের মধ্যে ফ্যাসিস্টদের দোসর কর্মকর্তা কর্মচারীদের ন্যূনতম শোকজ না করা হলে প্রশাসনকে লাল কার্ড দেখানো হবে বলে হুশিয়ারি দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। তিনি বলেন ‘ন্যূনতম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে।’

মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে জুলাই বিপ্লবের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমাদের সকল আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে আমাদের সাংবাদিকবৃন্দ। আজকে সকলের উপস্থিতিতে বলতে চাই জুলাই বিপ্লবের এক বছর পার হলেও আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী কী ব্যবস্থা নিয়েছে আমরা জানতে চাই। অন্যান্য বিশ্ববিদ্যালয় পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারলে আপনারা কেন পারবেন না? আপনারা কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না?”

তিনি আরও বলেন,“ফ্যাসিস্ট সরকারের আমলের প্রক্টর আজাদ ডিপার্ট্মেন্টের সভাপতি কিভাবে হলো? যদি একাডেমিক নিয়মের অজুহাত দেখান তাহলে আপনি উপাচার্য, প্রক্টর, ট্রেজারার হয়েছেন কেন? ফাসিস্ট কর্মকর্তা কর্মচারী চিহ্নিতকরণে গঠিত তদন্ত কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে আজকে বলতে হবে। যতদ্রুত সম্ভব তাদের বিচারের মুখোমুখি করতে হবে। নাহলে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের নিয়ে এক সপ্তাহ পর আপনাদের লাল কার্ড দেখানোর আন্দোলনে নামা হবে।”

উল্লেখ্য এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অন্যান্য অতিথিবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা।