আওয়ামী লীগ

রংপুরে কর্মশালায় বিতর্ক: স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

প্রিন্ট
রংপুরে কর্মশালায় বিতর্ক: স্ক্রিনে শেখ হাসিনা ও শেখ মুজিবের ছবি

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৪:১৩

রংপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজিত এক কর্মশালায় অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। কর্মশালার মূল আলোচনার সময় হঠাৎ এলইডি স্ক্রিনে ভেসে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়ার মিলনায়তনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

এ ঘটনায় সাংবাদিকরা প্রশ্ন করলে প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানী দ্রুত স্থান ত্যাগ করেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন,

“এত রক্ত ঝরার পর যদি এ ধরনের ছবি এখনো প্রকাশ পায়, তা মোটেও গ্রহণযোগ্য নয়। এটি ভুলক্রমে হয়েছে। ফ্যাসিবাদের রূপ এখনো রয়ে গেছে, মাঝে মাঝে তার প্রতিফলন আমরা টের পাই।”

তিনি আরও বলেন, প্রাণিজগতের জেনেটিক রোগ মানুষের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। তাই নিরাপদ দুধ, মাংস ও ডিম নিশ্চিত করতে সরকার ভ্যাকসিন উৎপাদনে কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরসহ রংপুর বিভাগের প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।

শিহাবুল্লাহ মারুফ