সারাদেশ

সালথায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রিন্ট
সালথায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

ছবি : সালথায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


প্রকাশিত : ২৭ মে ২০২৬, দুপুর ১:০৯

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২৭ মে) সকালে সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ অর্থ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আনন্দ ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সালথা উপজেলার আটটি ইউনিয়নের মোট ২০০ জন দুঃস্থ, গরীব ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ৪ লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। অর্থ বিতরণকালে বক্তারা বলেন, "ঈদের আনন্দ যেন সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণীর মাঝে সীমাবদ্ধ না থাকে, তা নিশ্চিত করতেই সরকারের এই মানবিক উদ্যোগ। সমাজের সকল স্তরের মানুষের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে এই ধরনের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী ভূমিকা পালন করবে।" নগদ অর্থ সহায়তাপ্রাপ্ত স্থানীয় সাধারণ মানুষ এই মানবিক সহায়তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।