পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে নিজের ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) মানবজাতির মুক্তি, শান্তি, ন্যায়বিচার ও আলোর পথে চলার দিশারী। তাঁর আগমন মানব সভ্যতার ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা।
তিনি বলেন, “মহানবী (সাঃ) মানবজাতিকে পরিশোধন করেছেন এবং তাদের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল-কোরআন অবতীর্ণ হয়েছে। পৃথিবীতে তাঁর আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়। তিনি সমাজ থেকে অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ন, নির্যাতন ও বৈষম্যের অন্ধকার দূর করে সত্য, ন্যায় ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা করেছেন।”
তারেক রহমান আরও বলেন, “মহানবী (সাঃ)-এর জীবনদর্শন আমাদের জন্য অনুকরণীয়। তাঁর সততা, সহনশীলতা, পরিশ্রম, আত্মত্যাগ, ধৈর্য এবং সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস অনুসরণের মাধ্যমে মানবজাতি কল্যাণ ও শান্তির পথ খুঁজে পেতে পারে।”
শুভেচ্ছা বার্তার শেষে তিনি বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বলেন, “আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি, মহানবী (সাঃ)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলিত করতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
মতামত