বিএনপি

তারেক রহমানের মানবিক উদ্যোগে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিল যুবদল

প্রিন্ট
তারেক রহমানের মানবিক উদ্যোগে ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিল যুবদল

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:৩৩

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনায় অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে ক্যান্সার আক্রান্ত চারজন ও হৃদরোগে আক্রান্ত একজন রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।

সহায়তা প্রাপ্তরা হলেন—লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুর কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতী। এসময় লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্যও উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।

জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “আমরা শুধু বাহক—এই সহযোগিতা এসেছে তারেক রহমানের পক্ষ থেকে। বিদেশে থাকলেও তিনি দেশের মানুষের খোঁজখবর রাখেন, বিশেষ করে গাবতলীর জনগণের প্রতি তাঁর আলাদা টান রয়েছে। হয়তো অচিরেই তিনি নিজেই ছুটে আসবেন ভালোবাসার প্রিয় জনগণের কাছে।” তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সবার দোয়া চান।

মানবিক এই কার্যক্রম প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “আমাদের অভিভাবক তারেক রহমান শুধু রাজনীতি নয়, মানবিকতার প্রতিও নিবেদিত। তিনি হাজার মাইল দূরে থেকেও দেশের প্রতিটি মানুষের খোঁজখবর রাখেন। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, যাতে তিনি দেশের উন্নয়নে সরাসরি ভূমিকা রাখতে পারেন।”

সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান ও আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।