ছবি : ছবি: শিহাবুল্লাহ মারুফ
২২ নভেম্বর ২০২৫, শনিবার
নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমৃদ্ধ রাষ্ট্র গঠনের বিকল্প নেই—এই বার্তা তুলে ধরে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী ও শিশুদের অগ্রাধিকারের বিষয়ক এক সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান।
তিনি বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনীতিকে গতিশীল রাখতে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নের ভিত্তি তৈরি করেছিলেন। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষায় বড় পরিবর্তন আনেন। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফায়ও নারীর ক্ষমতায়নকে সুস্পষ্টভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া–৪ আসনের দলীয় প্রার্থী মোশারফ হোসেনের পক্ষ থেকে নারীদের স্বাবলম্বী করে তোলার নানা উদ্যোগ তুলে ধরা হয়। বক্তারা জানান—প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, ন্যায্য দামে নিত্যপণ্য সরবরাহ, শিল্পাঞ্চল গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে সকল নাগরিকের জীবনমান উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। সমাবেশে অতিথিদের সঙ্গে নিয়ে ধানের শীষ প্রতীকের মোড়ক উন্মোচন করেন বগুড়া–৪ আসনের প্রার্থী মোশারফ হোসেন এবং উপস্থিত সকলের কাছে সমর্থন কামনা করেন।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বিপুল সংখ্যক নারী ও শিশু অংশগ্রহণ করে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলে।
শিহাবুল্লাহ মারুফ, বগুড়া
মতামত