অপরাধ

বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা, সহকর্মী পলাতক

প্রিন্ট
বগুড়ায় ফিলিং স্টেশনের ক্যাশিয়ারকে কুপিয়ে হত্যা, সহকর্মী পলাতক

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:০৮

বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. ইকবালকে (২৬) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে। তিনি বগুড়া শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এই ঘটনায় ইকবালের সহকর্মী রতনকে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। রতনের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায়।

জানা গেছে, শনিবার রাতে ইকবাল ও রতন রাতের শিফটে ফিলিং স্টেশনে কাজ করছিলেন। রোববার সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তারা বিষয়টি মালিকপক্ষকে জানালে, মালিকরা এসে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে।

শিহাবুল্লাহ মারুফ ,বগুড়া