অপরাধ

পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: নিস্ব মৎস্যচাষী মামুন

প্রিন্ট
পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: নিস্ব মৎস্যচাষী মামুন

ছবি : পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ: নিস্ব মৎস্যচাষী মামুন


প্রকাশিত : ১ মার্চ ২০২৬, দুপুর ১২:১৫

তুচ্ছ ঘটনার জেরে প্রতিবেশীর দেওয়া বিষে মৎস্যচাষী মামুনের স্বপ্ন এখন মৃত মাছের স্তূপে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে পুকুরে বিষ প্রয়োগের ফলে কয়েক লক্ষ টাকার মাছ মারা গেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। ​ঘটনার বিবরণ: স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে প্রতিবেশী শাহীন, ইব্রাহিম, সাদ্দাম ও শাহানাজদের সাথে মামুনের পরিবারের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার একপর্যায়ে প্রতিপক্ষ মামুনকে দেখে নেওয়ার হুমকি দেয়। ​ভুক্তভোগী মামুন জানান, সকালে ঝগড়া শেষ হলেও প্রতিপক্ষরা যে এতো বড় প্রতিহিংসা চরিতার্থ করবে তা তিনি কল্পনাও করেননি। রাতের আঁধারে কোনো এক সময়ে তার পুকুরে বিষাক্ত কীটনাশক প্রয়োগ করা হয়। শুক্রবার ভোরে পুকুরে গিয়ে তিনি দেখেন, সব মাছ মরে ভেসে উঠেছে। ​ক্ষয়ক্ষতির চিত্র: পুকুরটিতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ছিল। মামুন জানান, এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি এই মাছ চাষ করেছিলেন। আকস্মিক এই ঘটনায় তিনি এখন দিশেহারা। তার দাবি, এই বিষ প্রয়োগের ফলে তার কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ​ভুক্তভোগীর বক্তব্য: কান্নাজড়িত কণ্ঠে মামুন বলেন, "সকালে ঝগড়া হয়েছে, সেটা গ্রাম্য সালিশে মিটতে পারতো। কিন্তু ওরা আমার ভাতের থালায় বিষ দিল। আমি এখন ঋণের টাকা কীভাবে শোধ করবো? আমি এর বিচার চাই।" বর্তমান অবস্থা: ঘটনার পর থেকে অভিযুক্ত শাহীন, ইব্রাহিম ও সাদ্দাম পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউপি সদস্য জানিয়েছেন, বিষয়টি অত্যন্ত অমানবিক। পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ​এলাকাবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।