বিএনপি

বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রিন্ট
বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, রাত ১:২৫

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া:

বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে শহরের সাবগ্রাম স্ট্যান্ডে এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবগ্রাম ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বায়েজিদ মন্ডল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান জিয়া।

এসময় আরও বক্তব্য রাখেন সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, জেলা যুবদলের প্রচার সম্পাদক এসএম রিপন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। বিনা উসকানিতে চিহ্নিত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।