বিএনপি

ছাত্রদল ও শিক্ষার্থীদের উদ্যোগে আজিজুল হক কলেজের লেকের করুণ অবস্থা মুছে গেল।

প্রিন্ট
ছাত্রদল ও শিক্ষার্থীদের উদ্যোগে আজিজুল হক কলেজের লেকের করুণ অবস্থা মুছে গেল।

প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৫, রাত ১:৪৬

গুড়ার সরকারি আজিজুল হক কলেজের বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন লেকটি আবার ফিরল তার আগের সৌন্দর্যে। সোমবার (২৭ অক্টোবর) কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা লেকের কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান।

পরিচ্ছন্নতা অভিযান বেলা ১১টায় শুরু হয়। সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব মিয়ার নেতৃত্বে নেতাকর্মীরা লেকের পানিতে নেমে কচুরিপানা ও অন্যান্য আবর্জনা সরান। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও তাদের সঙ্গে হাত মেলান।

বিপ্লব মিয়া বলেন, “এই কলেজ আমাদের প্রিয় বিদ্যাপীঠ। লেক ও বোটানিক্যাল গার্ডেন কলেজের অন্যতম আকর্ষণ। লেকের করুণ অবস্থা দেখে আমরা আর চুপ থাকতে পারিনি। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে পরিবেশ রক্ষায় আমরা এগিয়ে এসেছি। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।”

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান কামরুল সেলিম বলেন, “কলেজের প্রাকৃতিক পরিবেশ সুন্দর রাখা সবার দায়িত্ব। শিক্ষার্থীদের এমন সচেতনতামূলক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। লেকের পরিবেশ ভালো থাকলে নতুন উদ্ভিদ ও জলজ প্রাণীর আগমন ঘটবে, যা শিক্ষার্থীদের শিক্ষণ কার্যক্রমেও সহায়ক হবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সব বর্ষের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে অংশ নেন। উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, কলেজে পরিবেশ রক্ষার এ ধরনের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

শিহাবুল্লাহ মারুফ, বগুড়া