ফুটবল

বগুড়ায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”

প্রিন্ট
বগুড়ায় ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”

প্রকাশিত : ৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১০:৪৩

বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে বগুড়ায় শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। ওই দিন বিকেল ৩টায় জেলা প্রশাসক হোসনা আফরোজা শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

এবারের টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা প্রমুখ।

গ্রুপ বিভাজন

ক-গ্রুপ: শাজাহানপুর, সোনাতলা, কাহালু

খ-গ্রুপ: শেরপুর, শিবগঞ্জ, গাবতলী

গ-গ্রুপ: আদমদীঘি, বগুড়া সদর, নন্দীগ্রাম

ঘ-গ্রুপ: সারিয়াকান্দি, ধুনট, দুপচাঁচিয়া

প্রাইজমানি ও পুরস্কার

  • চ্যাম্পিয়ন দল: ২ লক্ষ টাকা ও ট্রফি
  • রানার্সআপ দল: ১ লক্ষ টাকা ও ট্রফি
  • প্রতিটি খেলার ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতা পুরস্কৃত হবেন।
  • প্রতিটি দলে সর্বোচ্চ ৪ জন দেশি বা বিদেশি বহিরাগত খেলোয়াড় অংশ নিতে পারবেন।

টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনকে সদস্য সচিব করে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরাও এ কমিটিতে রয়েছেন।

সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি উন্মোচন করা হয়।