বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলেজ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা।
চূড়ান্ত ম্যাচে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে হারিয়ে ইংরেজি বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচে ৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখেই ২ উইকেটে জয় নিশ্চিত করে ইংরেজি বিভাগ।
খেলা শেষে বিজয়ী ইংরেজি বিভাগকে একটি খাসি ও ট্রফি এবং রানার্সআপ রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে দুটি রাজহাঁস ও ট্রফি প্রদান করা হয়। তৃতীয় স্থান অর্জনকারী দর্শন বিভাগকেও একটি রাজহাঁস দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং পরিচালনা করেন সেক্রেটারি তামিম হাসান সাকিব। প্রধান অতিথি ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক ধর্মীয় ও সমাজকল্যাণ সম্পাদক এবং বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম আব্দুল মালেক এবং শহর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম।
এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
মতামত