অপরাধ

বগুড়া কাহালুতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

প্রিন্ট
বগুড়া কাহালুতে আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশিত : ১১ আগস্ট ২০২৫, রাত ১:০৯

বগুড়ার কাহালু থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্য ধরা পড়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আনিছুর রহমান (৩৪) বগুড়ার আদমদীঘি উপজেলার তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত ফেরদৌস প্রামানিকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল রাতে কাহালুর বিবিরিপুকুর বাজারে ব্যবসায়ী আব্দুর রহিমের কীটনাশক দোকানে বড় ধরনের চুরি হয়। চোরের দল দোকানের টিনের চালা কেটে মই দিয়ে ভিতরে নেমে গোডাউন থেকে নগদ ৭০ হাজার টাকা ও প্রায় ৬০-৭০ লক্ষ টাকার সিনজেনটা কোম্পানির কীটনাশক সরিয়ে নেয়। এছাড়া প্রমাণ নষ্ট করতে দোকানের সিসি ক্যামেরার ডিভিআরও খুলে নিয়ে যায়।

কাহালু থানার এসআই মাসুদ করিম জানান, আনিছুর রহমান আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে আদমদীঘি থানায় পূর্বে দুটি মামলা রয়েছে। গ্রেফতারের পর আজ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।