ময়মনসিংহ

পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহে এনসিপি ডিপ্লোমা উইং এর সদস্য প্রকৌশলী মাহফুজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা

প্রিন্ট
পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহে এনসিপি ডিপ্লোমা উইং এর সদস্য প্রকৌশলী মাহফুজুর রহমানের উপর সন্ত্রাসী হামলা

ছবি : পূর্ব শত্রুতার জেরে ময়মনসিংহে এনসিপি ডিপ্লোমা উইং এর সদস্য প্রকৌশলী মাহফুজুর রহমান উপর সন্ত্রাসী হামলা


প্রকাশিত : ২৫ মে ২০২৬, সন্ধ্যা ৮:২৮

ময়মনসিংহ সদর উপজেলা ১১নং ঘাগড়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে পূর্বশত্রুতার জেরে সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত ময়মনসিংহ এনসিপি ডিপ্লোমা প্রকৌশলী উইং সদস্য প্রকৌশলী মাহফুজুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের বাসিন্দা মোঃ মাহফুজুর রহমান অভি (৩০) গত ২১ মে ২০২৬ দুপুর আনুমানিক ১টার দিকে নিজ জমিতে কাজ করতে যান। অভিযোগ অনুযায়ী, এ সময় পূর্ব বিরোধকে কেন্দ্র করে স্থানীয় ৩ জন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। অভিযুক্তরা প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। হামলায় তার মাথা, হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের “রোগী ভর্তি ফরম ও রোগ বৃত্তান্ত”-এ দেখা যায়, আহত ব্যক্তিকে “Police Case” & “Physical Assault” বা শারীরিক হামলার শিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। চিকিৎসকের প্রাথমিক পর্যবেক্ষণে শারীরিক আঘাতের বিষয়টি নথিভুক্ত রয়েছে। আহত ব্যক্তিকে ENT- ১৬নং ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও নথিতে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী তার অভিযোগে আরও দাবি করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ হামলার পরও তারা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় ময়মনসিংহ কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।