ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে চুলায় মিলল নিখোঁজ শিশুর মরদেহ, লোভের বলি ৪ বছরের মরিয়ম; বাবা-ছেলে গ্রেপ্তার

প্রিন্ট
ঈশ্বরগঞ্জে চুলায় মিলল নিখোঁজ শিশুর মরদেহ, লোভের বলি ৪ বছরের মরিয়ম; বাবা-ছেলে গ্রেপ্তার

প্রকাশিত : ২০ মার্চ ২০২৬, বিকাল ৫:৩৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৪ বছর বয়সী শিশু মরিয়ম আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতর থেকে তার নিথর দেহ পাওয়া যায়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত মরিয়ম উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ইফতারের আগমুহূর্তে বাড়ির পাশের একটি মাটির চুলার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটির গলায় থাকা রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ধারণা করা হচ্ছে, চেইনটি নেওয়ার সময় শিশুটি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে। পরে ঘটনাটি গোপন রাখতে মরদেহটি চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়। ঘটনার পরপরই ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার সাদ্দাম মিয়া (৩৫) ও তার ছেলে ইয়াসিন মিয়া (১৬)-কে গ্রেপ্তার করে। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।” একমাত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ মরিয়মের পরিবার। এই মর্মান্তিক ঘটনায় পুরো মারুয়াখালি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।