আশুলিয়ায় ১৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ আবু তালহা
সাভার উপজেলা প্রতিনিধি :
ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টা ২৫ মিনিটের দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ রুবেল হাওলাদার (৩২) ও মোঃ হিমেল সিকদার রাজা (২৫)।
সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ হাইসহ পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০,৪০০ টাকা।
ডিবি পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মতামত