সাভারে ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান : হেরোইন, মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৯
মোঃ আবু তালহা
সাভার উপজেলা প্রতিনিধি :
সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জামসহ আটজন মাদক কারবারি ও একজন ছিনতাইকারীসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোর পর্যন্ত পরিচালিত পৃথক পাঁচটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবির (উত্তর) জানায়, ডিবি পুলিশের বিশেষ অভিযানে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে ৬০০ পুড়িয়া হেরোইনসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আঃ আজিজ (৪১), রফিকুল ইসলাম (৩৩), মোঃ শামীম (৩৬) ও মোঃ নজরুল ইসলাম (৩৪)। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
পৃথক আরেক অভিযানে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ২০০ পুড়িয়া হেরোইনসহ মোঃ ফুয়াদ হোসেন (২৭) ও আশরাফুল আলম সুজনকে (৩০) গ্রেফতার করে ডিবি পুলিশ। এছাড়া সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী থেকে ৫০ পিস ইয়াবাসহ রবিন (২৬) নামে একজনকে এবং ওয়াবদা রোড এলাকা থেকে ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ মোঃ জাফর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এদিকে, সাভার ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে মোঃ রনি মোল্লা (২৮) নামে এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নং আসামী আঃ আজিজের বিরুদ্ধে ৯টি মাদক মামলা রয়েছে। এছাড়া রনি মোল্লার বিরুদ্ধে ৩টি এবং অন্য আসামীদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এই মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
মতামত