ছবি : সংসদে সংশোধনীসহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ পাস!
প্রকাশিত : ৪ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬:২৬
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংবলিত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনীসহ পাসের সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি। অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে এই সিদ্ধান্ত জানায়। গত ২ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রধান জয়নুল আবদিন এমপি প্রতিবেদনটি উপস্থাপন করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মূল অধ্যাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ –এর নাম উল্লেখ করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের যে বিধান রাখা হয়েছিল, সেখানে কিছু পরিমার্জন ও ভাষাগত সংশোধন এনে এটি পাসের প্রস্তাব করা হয়েছে। যদিও সংশোধনীগুলোর সুনির্দিষ্ট বিবরণ প্রতিবেদনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের জারিকৃত এই অধ্যাদেশে সরকারকে এমন ক্ষমতা প্রদান করা হয়েছিল, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক সত্তা বা সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, প্রচার-প্রকাশনা এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাসিবাদী শাসনের অভিযোগের প্রেক্ষাপটে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই আইনগত উদ্যোগ নেওয়া হয়েছিল। সংসদীয় বিশেষ কমিটি অধ্যাদেশটিকে সরাসরি বাতিলের তালিকায় অন্তর্ভুক্ত না করে কিছু সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে স্থায়ী আইনে রূপান্তরের পক্ষে মত দিয়েছে। ফলে দলটির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া এখন আরও সুসংগঠিত ও শক্ত ভিত্তির দিকে অগ্রসর হচ্ছে।
মতামত