সারাদেশ

সালথায় হাজী আব্দুছ ছোবাহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ

প্রিন্ট
সালথায় হাজী আব্দুছ ছোবাহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ

ছবি : সালথায় হাজী আব্দুছ ছোবাহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ


প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, বিকাল ৫:২৯

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলায় হাজী আব্দুছ ছোবহান মাতুব্বর ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ব্যাপক পরিসরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া হাজী বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় সহস্রাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, ভোজ্য তেল, দুধ, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, যা ঈদ উদ্‌যাপনে সহায়তা করবে বলে জানান আয়োজকরা। উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে উপহার তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ্ব মো. সাহেব আলী সাহেব। এসময় তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ যদি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করা যায়, তাহলে ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয়। সেই চিন্তা থেকেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস।” তিনি আরও বলেন, “২০১৭ সাল থেকে হাজী আব্দুছ ছোবহান মাতুব্বর ফাউন্ডেশন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমরা প্রতিবছর অন্তত দু’বার এ ধরনের সহায়তা দিয়ে থাকি। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যাতে আরও বেশিসংখ্যক মানুষ উপকৃত হতে পারেন।” অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক এবং ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। সুশৃঙ্খলভাবে উপহার বিতরণের জন্য স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন মানবিক কর্মকাণ্ড সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।