অপরাধ

মতিঝিলে আবাসিক হোটেল থেকে ২৪০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট
মতিঝিলে আবাসিক হোটেল থেকে ২৪০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি : মতিঝিলে আবাসিক হোটেল থেকে ২৪০২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত : ৬ মার্চ ২০২৬, দুপুর ১:৫৭

রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। র‌্যাব সূত্রে জানা যায়, গত ৪ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরের মতিঝিল থানাধীন কমলাপুর স্টেশন রোডের একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মো. হাসান (২৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তির পরিচয় জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি কক্সবাজার জেলার রামু থানার উমখালী দক্ষিণ মিঠাছড়ি এলাকার বাসিন্দা। পরে তাকে তল্লাশি করে হোটেলের একটি কক্ষের বাথরুম থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৬টি পোটলায় রাখা ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হাসান জানান, তিনি বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট গিলে পেটের ভেতর বহন করে ঢাকায় এনেছেন। বিষয়টি নিশ্চিত হতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে বস্তু সদৃশ কিছু দেখা যায়। পরবর্তীতে ৫ মার্চ রাত ৮টা ২০ মিনিটে চিকিৎসকের তত্ত্বাবধানে বিশেষ পদ্ধতিতে তাকে মলত্যাগ করানো হলে সেখান থেকে ২৪টি পোটলায় রাখা আরও ১ হাজার ২০২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তার কাছ থেকে মোট ২ হাজার ৪০২ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার ৬০০ টাকা। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত হাসান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।