সারাদেশ

কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে বিজয়ী, আপন দুই ভাইয়ের লড়াইয়ে ছিল বাড়তি আগ্রহ

প্রিন্ট
কুড়িগ্রাম-৪ আসনে দাড়িপাল্লার মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে বিজয়ী, আপন দুই ভাইয়ের লড়াইয়ে ছিল বাড়তি আগ্রহ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৯:৪০

রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম-৪ (রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ৯ হাজার ৪৪৯ ভোট। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২০ হাজার ৯৯৮। শুরু থেকেই এ আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল জমজমাট। বিশেষ করে বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী দু’জন আপন দুই ভাই হওয়ায় ভোটারদের মধ্যে ছিল বাড়তি কৌতূহল ও আলোচনার ঝড়। পারিবারিক সম্পর্কের এই রাজনৈতিক লড়াই স্থানীয়ভাবে ব্যাপক চর্চার জন্ম দেয়। রৌমারী, চর রাজিবপুর ও চিলমারী—তিনটি নদীবেষ্টিত ও সীমান্তবর্তী উপজেলা নিয়ে গঠিত এই আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দিনভর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। বেসরকারি ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তবে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপন দুই ভাইয়ের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এ আসনের নির্বাচনী লড়াইকে ব্যতিক্রমী মাত্রা দিয়েছে, যা ভবিষ্যত রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এখন নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষা।