থানা পুলিশের বিশেষ অভিযানে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক আরেকটি অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের দেবহাটা সাব-জোনাল অফিসের ইনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর– ০৮, তারিখ– ১৭/০১/২০২৬ ইং।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকেলে দেবহাটা থানার নওয়াপাড়া ইউনিয়নের কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের দুই ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ কেজি তামার কয়েল, চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড ও একটি সেফটি বেল্ট উদ্ধার করা হয়।
এছাড়া একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে ১৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মতামত