খুলনা

ঝিনাইদহে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা

প্রিন্ট
ঝিনাইদহে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা

ছবি : ঝিনাইদহে ৩ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা


প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, বিকাল ৩:৪৩

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্পদ উন্নয়ন, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৬। তিন দিনব্যাপী এই মেলা ১৯ থেকে ২১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষিবিদ মোঃ কামরুজ্জামান, পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঝিনাইদহ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এখন সময়ের দাবি। কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এই ধরনের মেলা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।” অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ মাহবুব আলম রনি, কালীগঞ্জ। তিনি বলেন, যশোর অঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নিতে উন্নত বীজ, আধুনিক যন্ত্রপাতি ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার বিকল্প নেই। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব রেজওয়ানা নাহিদ, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “কৃষিই আমাদের অর্থনীতির প্রধান ভিত্তি। কৃষকদের পাশে দাঁড়াতে সরকার ও প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কৃষি প্রযুক্তি মেলা সেই প্রচেষ্টারই বাস্তব প্রতিফলন।” মেলায় বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি, উন্নত জাতের বীজ, জৈব ও রাসায়নিক সার ব্যবস্থাপনা, কীটনাশক ব্যবহার, ফসল উৎপাদনের আধুনিক কৌশল এবং কৃষি বিষয়ক পরামর্শ সেবা প্রদর্শন করা হচ্ছে। এতে কৃষকরা সরাসরি কৃষি বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসারের কার্যালয়, কালীগঞ্জ, ঝিনাইদহ এর আয়োজনে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় কৃষক, কৃষি উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।