সারাদেশ

বেগম খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: শামা ওবায়েদ

প্রিন্ট
বেগম খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: শামা ওবায়েদ

ছবি : বেগম খালেদা জিয়া চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন: শামা ওবায়েদ


প্রকাশিত : ৯ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৬:২১

ফরিদপুরের সালথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ জানুয়ারি) দুপুর ২টায় উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কিত্তা আব্দুর রহমান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে এ দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, “আগামী দিনে কোন দল রাষ্ট্রপরিচালনার দায়িত্ব নেবে, সে সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।” শামা ওবায়েদ আরও বলেন, গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন হয়েছে, প্রাণ গেছে আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের। কদিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যুও আমাদের নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ বৃথা যাবে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।” এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত শরিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।