সারাদেশ

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন শাহ রিয়াজুল হান্নান।

প্রিন্ট
গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন শাহ রিয়াজুল হান্নান।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২৯ ডিসেম্বর ২০২৫, রাত ৯:২৩

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন শাহ রিয়াজুল হান্নান।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: মোঃ সিরাজুল ইসলাম 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে শাহ রিয়াজুল হান্নান ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোজ সোমবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. তামান্না তাসনিমের মাধ্যমে উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপজেলা চত্বরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সদস্য সচিব, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এছাড়াও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে দলীয় প্রার্থীর প্রতি সংহতি ও সমর্থন জানান।

মনোনয়নপত্র দাখিল শেষে প্রতিক্রিয়ায় শাহ রিয়াজুল হান্নান বলেন,

“কাপাসিয়ার মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিতকরণ এবং কাপাসিয়ার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবো।”

তিনি আরও বলেন,

“এই জনপদের কৃষক, শ্রমজীবী মানুষ, তরুণ সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

এ সময় উপস্থিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা বলেন,

“শাহ রিয়াজুল হান্নান একজন ত্যাগী, সৎ ও যোগ্য নেতৃত্ব। কাপাসিয়ার মানুষ তার হাত ধরেই একটি গণতান্ত্রিক ও উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।”

মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে নেতাকর্মীরা দলীয় পতাকা ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। পুরো এলাকাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও আশাবাদ লক্ষ্য করা যায়।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে শাহ রিয়াজুল হান্নানের মনোনয়ন বিএনপির নির্বাচনী কর্মকাণ্ডে নতুন গতি ও শক্তি সঞ্চার করবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী দেশের বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা কার্যক্রম চলমান রয়েছে।