সারাদেশ

কাপাসিয়ায় বিএনপির নাম ভাঙিয়ে রাতের আঁধারে মাটি কাটা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি।

প্রিন্ট
কাপাসিয়ায় বিএনপির নাম ভাঙিয়ে রাতের আঁধারে মাটি কাটা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি।

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ২৪ ডিসেম্বর ২০২৫, সন্ধ্যা ৭:০৭

কাপাসিয়ায় বিএনপির নাম ভাঙিয়ে রাতের আঁধারে মাটি কাটা, সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকি।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাতের আঁধারে চলছে অবাধ ও অবৈধ মাটি কাটার মহোৎসব। উপজেলার বারিষাব ইউনিয়নের নয়নাগর গ্রামের মুত্তাকিন মাদ্রাসার পাশের এলাকাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এই বেআইনি কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে নীরব প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুল আলম ও কবিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিএনপির একাধিক নেতার নাম ব্যবহার করে প্রতিদিন গভীর রাতে ভেকু ও অন্যান্য যন্ত্রপাতির মাধ্যমে মাটি কেটে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এতে পরিবেশের মারাত্মক ক্ষতি, কৃষিজমি ধ্বংস এবং এলাকার সড়ক ও জনপদের ওপর চরম ঝুঁকি তৈরি হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে কয়েকজন স্থানীয় সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, মাটি কাটার স্পটে উপস্থিত আশরাফুল আলম সাংবাদিকদের কাজে বাধা দেন এবং এক পর্যায়ে এক সাংবাদিককে সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করেন। প্রকাশ্যে সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসনের চোখের সামনেই রাতের পর রাত এই অবৈধ কর্মকাণ্ড চললেও কোনো কার্যকর অভিযান দেখা যায় না। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চক্রটি বারবার পার পেয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও সাংবাদিক সমাজ অবিলম্বে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিককে হুমকির ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।