শিহাবুল্লাহ মারুফ, বগুড়া থেকে
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত মোঃ আলামিন (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২ আগস্ট) রাত ১০টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ভিকটিম আলামিন বগুড়া শহরের উদ্দেশে রওনা দেন। এ সময় ভাদাইকান্দি গ্রামের মোঃ আতিকুর রহমান (২৭), পিতা: নুর ইসলাম, মোঃ বশির (২৫), পিতা: মোঃ আব্দুল লতিফ ও মোঃ আবু হোসেন (২৭), পিতা: আব্দুল বারি—এই তিনজন পরিকল্পিতভাবে আলামিনকে পথরোধ করে।
পরবর্তীতে তাকে জোরপূর্বক স্থানীয় মোঃ জহুরুল ইসলামের বাঁশঝাড়ের ভিতরে নিয়ে গিয়ে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে আলামিন গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যুর সঙ্গে প্রায় পাঁচদিন লড়াই করার পর অবশেষে শনিবার রাতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আলামিনের পরিবারের সদস্যরা জানিয়েছেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাদের বিরোধ চলছিল, যার জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
মতামত