অপরাধ

বগুড়ায় আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামির পলায়ন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রিন্ট
বগুড়ায় আদালত চত্বর থেকে হত্যা মামলার আসামির পলায়ন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৫, সন্ধ্যা ৬:৫৮

বগুড়ায় আদালতের মতো কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে জোড়া হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম (৪০) পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীতে অস্বস্তি দেখা দিয়েছে।

পলাতক রফিকুল ইসলাম আদমদীঘি উপজেলার বশরিকরা গ্রামের বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি দুপচাচিয়া উপজেলার জিয়ানগর এলাকায় এক প্রবাসীর স্ত্রী ও বাবাকে শ্বাসরোধে হত্যা এবং ডাকাতির ঘটনায় অন্যতম আসামি।

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, সোমবার দুপুরে হাজিরার জন্য রফিকুলকে জেলা কারাগার থেকে আনা হয়েছিল। তবে হাজতখানা থেকে ফেরত নেওয়ার সময় আদালতের মূল ফটকে কৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় সে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আদালতের মতো সংবেদনশীল এলাকায় এ ধরনের ঘটনা পুলিশের দায়িত্বে অবহেলার বড় দৃষ্টান্ত। নিরাপত্তার ফাঁকফোকর নিয়েই এখন নানা প্রশ্ন উঠছে।

ঘটনার পরপরই আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শুরু হয় চিরুনি অভিযান। তবে সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, রফিকুল ইসলামকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্র জানায়, তাকে ধরতে ইতিমধ্যে বিশেষ টিম মাঠে নেমেছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ আসতে পারে।

এদিকে আদালত এলাকার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ও ভীতি বিরাজ করছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, আদালতের চারপাশে ফুটপাত দখল করে ভ্রাম্যমাণ দোকান বসায় নিরাপত্তা কার্যক্রম আরও ঝুঁকির মুখে পড়ছে।

 শিহাবুল্লাহ মারুফ, বগুড়া