অপরাধ

বগুড়ায় আবারও প্রকাশ্যে ছুরিকাঘাত, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

প্রিন্ট
বগুড়ায় আবারও প্রকাশ্যে ছুরিকাঘাত, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

ছবি : আহত সামিউল ইসলাম


প্রকাশিত : ৩ আগস্ট ২০২৫, রাত ১:০৬

বগুড়ায় ঢাকঢোল পিটিয়ে লিফলেট বিতরণেও বন্ধ হচ্ছে না ছিনতাইকারীদের হামলা, চাকুর আঘাতে যুবক আহত

বগুড়া শহরের জলেশ্বরীতলা মহিলা ক্লাব সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে সামিউল ইসলাম আয়াত (১৮) নামের এক কলেজপড়ুয়া ছাত্রকে ছুরি ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় মহিলা ক্লাবের পাশে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল আয়াত। এ সময় হঠাৎ বিপুল সংখ্যক দুর্বৃত্ত তার পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই তারা আয়াতকে বেধড়ক মারধর করে। এরপর উপর্যুপরি ছুরি ও রামদার আঘাতে তার পিঠ ও হাতে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পথচারীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। আয়াত বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

একটি সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে এই হামলা হয়ে থাকতে পারে। তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে বগুড়া সদর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রতি বগুড়া শহরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকঢোল পিটিয়ে চাকুর কারুকার্য ও ছিনতাই প্রতিরোধে লিফলেট বিতরণ করলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।  এই হামলা তারই প্রমাণ।

এ বিষয়ে স্থানীয়রা বলছেন, শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও চাকু হামলার ঘটনা বেড়ে চলেছে। প্রশাসনের উচিত এসব অপরাধ দমন করতে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়া।