বিশেষ

ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইঞাগাঁতি এখন মরনফাঁদ

প্রিন্ট
ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইঞাগাঁতি এখন মরনফাঁদ

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, রাত ৯:৫৩

ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কটি দীর্ঘদিন ধরে দুর্ঘটনাপ্রবণ এলাকায় পরিণত হয়েছে। অপরিকল্পিত সড়ক একোয়ার, মোনায়েম কোম্পানির ইঞ্জিনিয়ারের ঘুষবাণিজ্য এবং অব্যবস্থাপনার কারণে এখানে নেই পাশ্ব-রাস্তা, নেই রোড ডিভাইডার। প্রতিনিয়ত ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা।

সাম্প্রতিক সময়ে এই সড়কে ঘটে যাওয়া একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭-৮ জন সাধারণ মানুষ, আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। সর্বশেষ দুর্ঘটনায় সোনাখাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আসাদের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এলাকাবাসীর অভিযোগ, যথাযথ প্রশাসনিক পদক্ষেপের অভাবেই এসব দুর্ঘটনা ঘটছে এবং এই মৃত্যুর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

এর আগে এলাকাবাসী নিরাপদ সড়কের দাবিতে ৪৮ ঘণ্টাব্যাপী মানববন্ধনসহ বেশ কয়েকটি কর্মসূচি পালন করেছেন।

তাদের তিনটি প্রধান দাবি ছিল:

১. পাশ্ব-রাস্তা চালু করা

২. রোড ডিভাইডার স্থাপন করা

৩. পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ করা

মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুমায়ুন কবির সরেজমিনে এসে দাবিগুলো মেনে নেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এমনকি মোনায়েম কোম্পানির ইঞ্জিনিয়ার ঘটনাস্থলও পরিদর্শন করেন। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যায়নি।

মানববন্ধনের পরও দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। নতুন করে আরও দুইজন প্রাণ হারিয়েছেন। ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং তারা আবারও বড় ধরনের কর্মসূচির প্রস্তুতি নিবে।