ফুটবল

মেসি ভারতে এসে ক্রিকেট খেলবেন ধনি,কোহিলিদের সাথে!

প্রিন্ট
মেসি ভারতে এসে ক্রিকেট খেলবেন ধনি,কোহিলিদের সাথে!

ছবি : ডিসেম্বরে আসছেন মেসি ভারতে


প্রকাশিত : ২ আগস্ট ২০২৫, দুপুর ১২:৩৯

সিরাজগঞ্জ প্রতিনিধি :আব্দুস সবুর আবির

১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে পারে ক্রীড়া ইতিহাসের অনন্য আয়োজন

ভাবুন তো, মুম্বাইয়ের আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ক্রিকেট ব্যাট হাতে লিওনেল মেসি নামছেন আর বিপরীতে দাঁড়িয়ে আছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মা! এমন দৃশ্য কল্পনাতীত হলেও সেটি হয়তো বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কারণ, ভারতীয় গণমাধ্যমে ইতোমধ্যে তোলপাড় এই খবর—প্রচারণামূলক সফরে ভারতে এসে ক্রিকেট খেলবেন আর্জেন্টাইন ফুটবলের জীবন্ত কিংবদন্তি লিওনেল মেসি।

কেন এত উত্তেজনা?

বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা মেসি যখন ক্রিকেটের ময়দানে নামার সম্ভাবনা তৈরি করে, তখন সেটি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। গুঞ্জন অনুযায়ী, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ভারত সফর করবেন মেসি। সেই সফরের অংশ হিসেবেই আয়োজন করা হতে পারে এক বিশেষ প্রদর্শনী ম্যাচ, যেখানে শচীন, কোহলি, ধোনির মতো ক্রিকেট মহাতারকারা থাকবেন প্রতিপক্ষ দলে।

এই আয়োজন শুধু ভারতের জন্য নয়, পুরো উপমহাদেশের জন্য হবে এক ঐতিহাসিক মুহূর্ত। ফুটবল আর ক্রিকেট—দুটি ভিন্ন খেলার সবচেয়ে বড় তারকাদের একই মঞ্চে দেখা যাবে। একদিকে ব্যাট হাতে মেসি, অন্যদিকে বল হাতে হয়তো শচীন বা কোহলি! এ যেন রূপকথার মতোই ঘটনা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের চিঠি!

ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ইতিমধ্যেই একটি আন্তর্জাতিক ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়াম ব্যবহারের জন্য আবেদন করেছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে, তবে ওই দিন মুম্বাইয়ে হবে ক্রীড়াঙ্গনের ইতিহাসের অন্যতম আলোচিত প্রদর্শনী ম্যাচ।

ইভেন্টটি হবে সেভেন-আ-সাইড ফরম্যাটে। ক্রিকেট আইকনদের বিপক্ষে ব্যাট হাতে মেসির পাশাপাশি থাকবেন হয়তো তার সতীর্থরা অথবা বলিউডের বড় তারকারাও। যদিও চূড়ান্ত তালিকা এখনও প্রকাশ করা হয়নি, তবে গুঞ্জন বলছে—শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, ধোনি, রোহিত শর্মারা থাকবেন মেসির বিপক্ষে দলে।

ভক্তদের জন্য বাড়তি চমক

শুধু ম্যাচ নয়, ভক্তদের জন্য থাকবে বাড়তি আকর্ষণ। মেসি তার ভারত সফরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন, সেলফি, অটোগ্রাফ দেওয়ার জন্য বিশেষ সেশনও রাখা হতে পারে। ফুটবলপ্রেমীদের কাছে এটি এক বিরল সুযোগ, যা হয়তো জীবনে একবারই পাওয়া যায়।

২০২২ সালের বিশ্বকাপ শিরোপা জয়ের পর থেকেই ভারতীয় ভক্তদের দাবি ছিল—মেসিকে একবার কাছ থেকে দেখার সুযোগ। এখন সেই স্বপ্ন পূরণের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বাংলাদেশেও মেসির বিপুল সমর্থক রয়েছে। কাতার বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা পুরো বিশ্ব দেখেছিল। তাই মেসির ভারত সফরের খবর বাংলাদেশে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন উত্তেজনা।

সফরের সম্ভাব্য সময়সূচি

সূত্রের খবর, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফর করবেন। শুধু মুম্বাই নয়, তিনি যাবেন নয়াদিল্লি এবং কলকাতাতেও। কলকাতার সঙ্গে মেসির আগের সম্পর্ক আছে। কারণ ২০১১ সালে তিনি প্রথম দক্ষিণ এশিয়া সফরে কলকাতায় ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন। একই সফরে ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা দল। ১৪ বছর পর আবারও মেসির দক্ষিণ এশিয়া সফরের খবর ভক্তদের জন্য এক বিশাল আনন্দের বার্তা।

আনুষ্ঠানিক ঘোষণা কবে?

সবকিছু চূড়ান্ত হলে আয়োজক কর্তৃপক্ষ খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে। তখনই জানা যাবে ম্যাচের ফরম্যাট, অংশগ্রহণকারী তারকাদের নাম এবং টিকিটের মূল্য। আপাতত শুধু আশা—এই আয়োজন বাস্তবায়িত হোক এবং ক্রিকেটপ্রেমী-ফুটবলপ্রেমীরা ইতিহাসের সাক্ষী হোক।