সারাদেশ

জনগণের কণ্ঠস্বর, জননেতা ববি হাজ্জাজ

প্রিন্ট
জনগণের কণ্ঠস্বর, জননেতা ববি হাজ্জাজ

ছবি : মোঃ আলামিন মির


প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৪৬

জনগণের কণ্ঠস্বর, জননেতা ববি হাজ্জাজ — এনডিএম-এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা, এবং জুলাই আন্দোলনের সাহসী কর্মীরা আজ আবারও ষড়যন্ত্রের মুখোমুখি। স্বৈরাচারী দল আওয়ামী লীগ এই জাতিকে গণতন্ত্র থেকে বঞ্চিত করার জন্য, জনগণের অধিকার কেড়ে নেয়ার জন্য, এবং যারা সত্য কথা বলে, তাদের কণ্ঠ রুদ্ধ করার জন্য একের পর এক চক্রান্তে লিপ্ত। হত্যা, হুমকি, ভয়ভীতি দেখিয়ে তারা মনে করছে, এভাবে তারা আমাদের আন্দোলনকে থামিয়ে দিতে পারবে। কিন্তু তারা ভুলে গেছে জুলাই আন্দোলন শুধু একটি তারিখ নয়, এটি কোটি মানুষের বুকের ভেতর জমে থাকা স্বাধীনতার চিৎকার। 


আজ যখন আমরা দেখি, একের পর এক ষড়যন্ত্র চলছে, তখন আমাদের উপলব্ধি করতে হবে এ লড়াই শুধু ববি হাজ্জাজ বা এনডিএম-এর নয়, এ লড়াই গোটা জাতির লড়াই। এখানে ব্যক্তিগত স্বার্থ, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা মতপার্থক্যকে জায়গা দেওয়ার কোনো অবকাশ নেই। স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামে আমরা সবাই এক, আমরা সবাই অভিন্ন লক্ষ্যবদ্ধ। 


আমি দৃঢ়ভাবে বলতে চাই এখন আর সময় নেই দলীয় বিভাজনের, সময় নেই মতবিরোধ নিয়ে নিজেদের দুর্বল করার। কারণ যতদিন আমরা নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকবো, ততদিন সুযোগসন্ধানীরা সেই দুর্বলতাকে কাজে লাগাবে। তাই আমাদের প্রত্যেকের চোখ-কান খোলা রাখতে হবে, প্রত্যেক ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে, এবং দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ঐক্যের পতাকা উঁচু করে ধরতে হবে। 


ভুলে গেলে চলবে না, আমরা কেবল একটি রাজনৈতিক দলের সদস্য নই। আমরা কোটি মানুষের প্রতিনিধি, আমরা জুলাই আন্দোলনের অঙ্গীকার। এই আন্দোলন সেই অঙ্গীকার, যেখানে রক্ত দিয়েছে যুবক, ত্যাগ স্বীকার করেছে শ্রমিক, শিক্ষার্থী, সাধারণ মানুষ। তাদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। 


আজ আমাদের সংকল্প নিতে হবে আবারো আমরা একত্রিত হবো, আবারো আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবিলা করবো। আমরা জানি, শোষণ, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে কোনো ষড়যন্ত্র, কোনো হুমকি, কোনো হত্যার চেষ্টা দমিয়ে রাখতে পারবে না। 


তাই আমি সকল রাজনৈতিক দল, মত ও পথ নির্বিশেষে সকল দেশপ্রেমিক মানুষকে আহ্বান জানাই আসুন, আমরা ঐক্যবদ্ধ হই। আসুন, আমরা একত্রে দাঁড়াই। আসুন, আমরা প্রমাণ করি, জনগণের শক্তির সামনে কোনো স্বৈরাচার টিকতে পারে না। 


আমাদের শপথ হোক গণতন্ত্রকে বাঁচাবো, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় আবারো লড়াই করবো, আবারো রাস্তায় নামবো, আবারো ইতিহাস সৃষ্টি করবো। জুলাই আন্দোলনের চেতনা আমাদের শক্তি, আমাদের দিকনির্দেশনা। সেই শক্তি নিয়েই আমরা এগিয়ে যাবো। 


কারণ আমরা কোটি মানুষের কণ্ঠস্বর, আমরা জুলাইয়ের কণ্ঠস্বর।


নিউজ প্রতিনিধি মোঃ আলামিন মির