চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্বে আহবায়ক এনামুল৷ হক–সদস্য সচিব এম মোবারক আলী
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চকরিয়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্নার অনুমোদনে দুই সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন এনামুল হক এবং সাধারণ সম্পাদক হয়েছেন এম. মোবারক আলী।
নতুন কমিটির অনুমোদনের খবরে চকরিয়া উপজেলা জুড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। চকরিয়া উপজেলা ছাত্রদল এর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব ঘোষণার মাধ্যমে চকরিয়া উপজেলা বিএনপি সাংগঠনিকভাবে আরও গতিশীল হবে। দীর্ঘদিন ধরে তৃণমূল নেতাকর্মীরা যে সক্রিয় কমিটির প্রত্যাশায় ছিলেন, এই আংশিক কমিটির মাধ্যমে তার সূচনা হলো। সামনে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করছেন সবাই।
একাধিক উপজেলা বিএনপি নেতার মতে, এনামুল হক ও মোবারক আলীর নেতৃত্বে চকরিয়া উপজেলা বিএনপি নতুন করে ঘুরে দাঁড়াবে। তারা বলেন, "বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী নেতৃত্বই দলের মূল শক্তি। এনামুল হক ও মোবারক আলী সেই নেতৃত্ব প্রদর্শন করবেন বলে আমরা আশাবাদী।"
নতুন কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে হারবাং ইউনিয়ন বিএনপির একাধিক নেতৃবৃন্দ বলেন, এই অনুমোদন শুধু কমিটি ঘোষণায় সীমাবদ্ধ নয়, বরং এটি চকরিয়া উপজেলায় গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার এক নতুন দিগন্ত।
রাজনৈতিক মহল মনে করছে, কক্সবাজার জেলা বিএনপির এই অনুমোদন কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তা হলো—দল তৃণমূল পর্যায়কে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আগামী দিনে গণআন্দোলনের জন্য প্রতিটি উপজেলা কমিটিকে সুসংগঠিত ও প্রস্তুত রাখতে চায়।
মতামত