সারাদেশ

বগুড়ায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ৫ ডাকাত গ্রেফতার

প্রিন্ট
বগুড়ায় প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে ডাকাতি: আন্তঃজেলা ৫ ডাকাত গ্রেফতার

প্রকাশিত : ১৮ আগস্ট ২০২৫, রাত ৯:০৮

বগুড়ার শাজাহানপুর উপজেলার প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও বিক্রি করা গরুর নগদ এক লক্ষ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।

গত ৮ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে শাজাহানপুরের পাড়টেপুর (আশেকপুর) এলাকায় অবস্থিত ফার্মে প্রবেশ করে ডাকাতরা। তারা দেশীয় অস্ত্রের মুখে নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে বেঁধে ফেলে এবং ৮টি ফ্রিজিয়ান গরু (মূল্য প্রায় ১০ লক্ষ টাকা) ও বিভিন্ন যন্ত্রাংশ (মূল্য প্রায় ১২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা) লুট করে নিয়ে যায়। ডাকাতিতে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক ২২ লক্ষ ১১ হাজার ৪৬৬ টাকা।

ঘটনার পর শাজাহানপুর থানায় মামলা (নং-১০, তারিখ ০৯/০৮/২০২৫, ধারা-৩৯৫/৩৯৭) দায়ের হলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।

পরে ডিবি পুলিশের একটি চৌকশ টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার ও ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে আসামি দিদার (৩৪), আব্দুল মান্নাম মুন্না (২৩), সোহেল (২৮), জিয়াউর রহমান (৩৫) ও জাফর হোসেন (৪৫)-কে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও চুরি-ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল।

 শিহাবুল্লাহ মারুফ, বগুড়া