জাতীয়

রৌমারীতে এিপল হত্যার আসামিদের গ্রেপ্তারের মহাসড়ক অবরোধ

প্রিন্ট
রৌমারীতে এিপল হত্যার আসামিদের গ্রেপ্তারের মহাসড়ক অবরোধ

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৫, রাত ১০:০০

রৌমারীতে ত্রিপল হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ

আসাদুজ্জামান প্রতিনিধি, কুড়িগ্রাম: ১৬.০৮.২০২৫ খ্রি.

কুড়িগ্রামের রৌমারীতে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সর্বস্তরের মানুষের ব্যানারে রৌমারী–ঢাকা মহাসড়কে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

রৌমারী সদর ইউনিয়নের সীমান্তবর্তী ভন্দুরচর গ্রামে গত ২৪ জুলাই পরিকল্পিতভাবে শাহজামাল মিয়ার পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়। নিহতরা হলেন শাহজামালের দুই ভাই ফুলবাবু, বুলু মিয়া ও একই গ্রামের নুরুল আমিন।

মানববন্ধনে নিহত বুলু মিয়ার স্ত্রী আসকেতারা বেওয়া, কন্যা শাপলা বেগম, ফুলবাবুর স্ত্রী ফুলোরানী বেওয়া ও নুরুল আমিনের স্ত্রী আনজু আরা বেওয়াসহ নিহতদের স্বজন ও এলাকাবাসী বক্তব্য দেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ভুন্দুর চর এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই জমি নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধীন। শাহাজামাল মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এর আগে ১৯ জুলাই দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন। এ নিয়ে থানায় অভিযোগ করা হলেও পুলিশ মীমাংসার পরামর্শ দেয়। পরে ২৪ জুলাই আবারও সংঘর্ষে তিনজন নিহত হন এবং উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

এ ঘটনায় শাহজামাল মিয়া বাদী হয়ে ৩৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে রৌমারী থানায় হত্যা মামলা করেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের ধরতে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতাও চাওয়া হয়েছে।’

আসাদুজ্জামান, জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম 

০১৭১৮৬৮৫৪০৮