রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কেরামতিয়া আদর্শ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ভূমি বিষয়ক সচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে মাদ্রাসা মিলনায়তনে এ ক্লাস নেন রৌমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাফিউর রহমান।
ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, ভূমি সংক্রান্ত সেবা এখন অনেক সহজ ও আধুনিক হয়েছে। মানুষকে হয়রানি থেকে মুক্তি দিতে সরকার ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। ভূমির খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যাচ্ছে। শিক্ষার্থীদের এসব বিষয়ে সচেতন হতে হবে এবং পরিবার-পরিজনকেও সচেতন করতে হবে। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্লাস নেন তিনি।
তিনি আরও বলেন, ভূমি সংক্রান্ত জালিয়াতি ও প্রতারণা এড়াতে সবাইকে সঠিক নিয়ম জানতে হবে। তরুণ প্রজন্ম সচেতন হলে সমাজে দুর্নীতি কমবে এবং সাধারণ মানুষ সহজে সরকারি সেবা পাবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের ভূমি আইন ও আধুনিক ভূমি সেবা সম্পর্কে জানাতে এমন আয়োজনকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি হলে ভবিষ্যতে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে। এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত