অপরাধ

বগুড়ায় ডিবি পুলিশের ওপর সশস্ত্র হামলা, আহত ৩

প্রিন্ট
বগুড়ায় ডিবি পুলিশের ওপর সশস্ত্র হামলা, আহত ৩

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৫, রাত ১০:১৮

বগুড়ায় চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ডিবির তিন সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার একটি চুরির মামলার আসামি রনি (৩০) কে গ্রেপ্তারের সময় স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন ও কনস্টেবল সজীব হোসেন আহত হন।

হামলাকারীদের মধ্যে শাপলা খাতুন নামে এক নারী বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। কনস্টেবল মোদাসেরকে কোপানোর সময় তার বাঁ হাত গুরুতর জখম হয় এবং সজীবের পিঠে লোহার রডের আঘাত লাগে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনি, শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) ও রুবি বেগমকে গ্রেপ্তার করে। তাদের সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, “হামলাকারীরা প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে।”