সারাদেশ

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীসহ আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৭

প্রিন্ট
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীসহ আটজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ৭

প্রকাশিত : ৩০ জুলাই ২০২৫, সন্ধ্যা ৮:৫৮

সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওরে ইজারাদারি প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্কুলছাত্র হত্যা মামলায় যুক্তরাজ্য প্রবাসীসহ ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ১৭ জনকে দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত মোট ৩২ জনের মধ্যে এক আসামি পলাতক রয়েছেন।

 


বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। সিলেটের জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— বিশ্বনাথের সাইফুল আলম, নজরুল আলম, সদরুল আলম, সিরাজ উদ্দিন, জামাল মিয়া, মো. শাহিন উদ্দিন, মো. আব্দুল জলিল ও আনোয়ার হোসাইন। যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন, ইলিয়াছ আলী, আব্দুন নুর, জয়নাল আবেদীন, আশিক উদ্দিন, মো. আশকির আলী, মো. অলিদ মিয়া ওরফে ফরিদ মিয়া ও আকবর মিয়া। তাদের প্রত্যেককে যাবজ্জীবান কারাদেণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

 


এ ছাড়া দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— লুৎফুর রহমান, ময়ুর মিয়া, মামুনুর রশিদ, কাউসার রশিদ, দিলাফর আলী, পারভেজ মিয়া, ওয়াহিদ মিয়া, দিলোয়ার হোসেন, আজাদ মিয়া, মুক্তার আলী, আব্দুর রকিব, আঙ্গুর আলী, জাবেদ ইসলাম, শফিক উদ্দিন, মো. মখলিস মিয়া, ফিরোজ আলী, ফখর উদ্দিন।

 


আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১ মে বিশ্বনাথের চৈতননগর গ্রামের নজির উদ্দিনের জমি থেকে জোর করে রাস্তায় মাটি তুলতে যান যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমসহ তার লোকজন। সাইফুল চাউলধনী হাওরের জলমহালের ইজারাদার ছিলেন। এতে বাধা দেন নজির উদ্দিন, চাচাতো ভাই মানিক মিয়া ও ভাতিজা সুমেল মিয়া। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলমের বন্দুক দিয়ে গুলি করলে শাহজালাল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সুমেল মিয়া নিহত হয়। এ ঘটনায় সুমেলের বাবা ও চাচাসহ ৪ জন আহত হন। পরে নিহত সুমেলের চাচা ইব্রাহিম আলী বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

 


পরবর্তীতে মামলার দীর্ঘ তদন্ত শেষে তৎকালীন বিশ্বনাথ থানার পরিদর্শক রমা প্রসাদ চক্রবর্তী ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১৯ সাক্ষী সাক্ষ প্রদান করেন। সর্বশেষ গত ১৩ জুলাই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।