ছবি : দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোল উদ্যাপনে বাংলাদেশ অনূর্ধ্ব–২০ নারী দলের খেলোয়াড়রা — ছবি: বাফুফে
সিরাজগঞ্জ প্রতিনিধি সবুর
চীনের বিপক্ষে লেবাননের বড় হার নিশ্চিত করল ইতিহাস; প্রথমবার মূল পর্বে উঠল সাগরিকার দল
বিস্তারিত:
প্রথমবারের মতো অনূর্ধ্ব–২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বাছাইপর্বে তিন সেরা রানার্সআপের মধ্যে স্থান পাওয়ায় এই সাফল্য এসেছে।
গতকাল দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে ৬-১ গোলে হারের পরও আশা জিইয়ে রেখেছিল লাল–সবুজের দল। সমীকরণ ছিল, চীনের কাছে লেবানন হারলেই মূল পর্ব নিশ্চিত। শেষ পর্যন্ত চীনের বিপক্ষে ৮-০ গোলের বড় হারে লেবানন বিদায় নেয়, আর ইতিহাস রচনা করে বাংলাদেশ।
গ্রুপপর্বে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে উড়িয়ে দেয় ৮-০ গোলে। শেষ ম্যাচে তৃষ্ণা রানীর গোলে প্রথমার্ধে সমতা থাকলেও দ্বিতীয়ার্ধে পাঁচ গোল হজম করে গ্রুপসেরার স্বপ্ন হাতছাড়া হয়।
বাংলাদেশ ফুটবলের ইতিহাসে এটি আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১৯৮০ সালে পুরুষদের জাতীয় দল প্রথম এশিয়ান কাপে খেলেছিল। নারী ফুটবলে অনূর্ধ্ব–১৭ দল ২০০৫, ২০১৭ ও ২০১৯ সালে মূল পর্বে খেলেছে। গত জুলাইয়ে জাতীয় নারী দলও প্রথমবারের মতো সিনিয়র এশিয়ান কাপে জায়গা করে নেয়। এবার সেই ধারাবাহিকতায় নতুন ইতিহাস লিখল অনূর্ধ্ব–২০ নারী দল।
মতামত