আলোচিত বিরল প্রজাতির মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় চিড়িয়াখানায়
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি, রয়টার্সসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে আলোচিত নারায়ণগঞ্জের একটি খামারের বিরল অ্যালবিনো মহিষটি নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাদা লোম ও ব্যতিক্রমধর্মী চোখের গঠনের কারণে মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সামাজিক বিশৃঙ্খলা এড়ানো এবং সাধারণ মানুষের এই বিরল প্রাণীটি দেখার আগ্রহের প্রতি সম্মান জানিয়ে মহিষটি আপাতত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ কিনে নিয়েছেন।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু জাতীয় চিড়িয়াখানায় নিজে উপস্থিত থেকে মহিষটির থাকার ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি তদারকি করেন। তিনি মহিষটির যথাযথ সংরক্ষণ, পরিচর্যা ও নিরাপদ ব্যবস্থাপনার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় রাখার জন্য আলাদা একটি শেড প্রস্তুত করা হয়েছে। চিড়িয়াখানায় স্থানান্তরের আগে মহিষটিকে ১৫ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে। এ সময়ে সম্পূর্ণ জীবাণুমুক্তকরণ প্রক্রিয়া নিশ্চিত করতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে।
চিড়িয়াখানার অভিজ্ঞ চিকিৎসক দল সার্বক্ষণিক পর্যবেক্ষণে থাকবে, যাতে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি বা সংক্রমণের আশঙ্কা না থাকে এবং চিড়িয়াখানার অন্যান্য প্রাণীও নিরাপদ থাকে।
মহিষটির খাবার, পরিচর্যা ও লালন-পালনে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য বর্তমান পালনকারীর বিশেষ তত্ত্বাবধান নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
জনমনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই বিরল মহিষটি জাতীয় চিড়িয়াখানায় রাখা হলে দর্শনার্থীদের আগ্রহ ও উপস্থিতি আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে প্রাণী সম্পর্কে সচেতনতা, ভালোবাসা ও সহমর্মিতা গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
এদিকে, কোরবানির উদ্দেশ্যে যিনি মহিষটি কিনেছিলেন, তাঁর কোরবানিতে যেন কোনো সমস্যা না হয়, সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও হাট ইজারাদারদের মাধ্যমে বিকল্প কোরবানির পশুর ব্যবস্থা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মতামত