নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবদুল মতিন লিটন: বিভিন্ন মহলের অভিনন্দন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
আবদুল আউয়াল
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৬নং ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী ‘আবু নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়’ এর ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রথিতযশা শিক্ষাবিদ আলহাজ্ব আবদুল মতিন লিটন। তৃণমূল নেতা-কর্মীদের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত আবদুল মতিন লিটন বর্তমানে বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড-এর সম্মানিত সভাপতির দায়িত্বও পালন করছেন।
তার এই গৌরবময় অর্জনে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব এবং কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি) ভোক্তা অধিকার-সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর ও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে বলেন, আবদুল মতিন লিটনের মতো একজন যোগ্য, বিচক্ষণ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আবু নাছের চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে। তিনি তার মেধা, কর্মদক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বিদ্যালয়টিকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নিয়ে যাবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, তৃণমূলের প্রিয় মুখ আবদুল মতিন লিটন যেখানেই দায়িত্ব পেয়েছেন, সেখানেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির পাশাপাশি এখন শিক্ষার আলো ছড়াতে তার এই নতুন পথচলা সফল হবে—এটাই সবার প্রত্যাশা।
এদিকে পৃথক এক বিবৃতিতে কাউন্সিল অব কনজিউমার রাইটস (সিআরবি) ভোক্তা অধিকার, কোম্পানীগঞ্জ শাখার পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি আবদুল মতিন লিটনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সুধী সমাজও আবদুল মতিন লিটন সভাপতি নির্বাচিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং তার হাত ধরে বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন।
মতামত