সরকারি বিধবা ভাতার টাকা হ্যাক করে উত্তোলনের অভিযোগ, অভিযুক্ত প্রতিবেশী যুবক
নীলফামারী জেলার ডোমার উপজেলা এর ৪নং জোড়াবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ জোড়াবাড়ী গ্রামে সরকারি বিধবা ভাতার টাকা হ্যাক করে উত্তোলনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী রোকেয়া বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে সরকারি বিধবা ভাতার টাকা নগদ একাউন্টের মাধ্যমে পেয়ে আসছিলেন। তার একাউন্টের সঙ্গে থাকা সিমটি ব্যবহার করতেন তার নাতি তালিম। কিছুদিন আগে তালিমের ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেলে সিমটি খুলে বাড়ির একটি কক্ষে বালিশের নিচে সংরক্ষণ করে রাখা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, পাশের বাড়ির বাসিন্দা রায়হান, পিতা মমিনুর ইসলাম, প্রায়ই তালিমের সঙ্গে চলাফেরা করতেন এবং বিভিন্ন সময় একসাথে বাইরে যেতেন। পরিবারের দাবি, নগদ একাউন্ট থেকে টাকা উত্তোলনের সময় রায়হান একাধিকবার তালিমের মোবাইলের পিন নম্বর দেখতে পান। পরবর্তীতে সুযোগ বুঝে তিনি সিমটি ব্যবহার করে একাউন্টে প্রবেশ করেন এবং সরকারি ভাতার টাকা উত্তোলন করেন বলে সন্দেহ করা হচ্ছে।
পরে নগদ একাউন্ট চেক করে দেখা যায়, গত ১৯/০৬/২০২৬ তারিখে একাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু ওই টাকা পরিবারের কেউ উত্তোলন করেননি বলে দাবি করেন ভুক্তভোগীরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ভুক্তভোগী পরিবার জানান, দরিদ্র ও অসহায় অবস্থায় সরকারি ভাতার এই টাকাই ছিল তাদের একমাত্র ভরসা। সেই টাকা প্রতারণার মাধ্যমে তুলে নেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, সরকারি ভাতার টাকা আত্মসাৎ করা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
মতামত