গাজীপুরের কাপাসিয়া উপজেলায় কর্মদক্ষতা, মানবিকতা ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য ব্যাপক প্রশংসিত কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে কাপাসিয়ার সাংবাদিক সমাজ। আবেগঘন ও আন্তরিক পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ প্রেসক্লাব, কাপাসিয়া উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া শাখার সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
বক্তারা বলেন, ওসি শাহিনুর আলম দায়িত্ব পালনকালে কাপাসিয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ দমনে তাঁর কঠোর অবস্থান সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করেছে। একই সঙ্গে তিনি ছিলেন সাধারণ মানুষের কাছে সহজে পৌঁছানো একজন মানবিক পুলিশ কর্মকর্তা।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, “একজন দায়িত্বশীল ও মানবিক পুলিশ কর্মকর্তার বিদায় কাপাসিয়ার মানুষের জন্য অবশ্যই কষ্টের। তবে তাঁর কর্মদক্ষতা ও সততা দীর্ঘদিন মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবে।”
বিদায়ী বক্তব্যে ওসি শাহিনুর আলম কাপাসিয়ার সাংবাদিক সমাজ, প্রশাসন ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “কাপাসিয়ার মানুষ আমাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা আমি সারাজীবন মনে রাখব। একজন পুলিশ সদস্য হিসেবে মানুষের সেবা করাই আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল।”
অনুষ্ঠান শেষে ওসি শাহিনুর আলমকে সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কাপাসিয়ার সচেতন মহল মনে করছে, দায়িত্ব পালনের মাধ্যমে ওসি শাহিনুর আলম যেভাবে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তা ভবিষ্যতেও একজন আদর্শ পুলিশ কর্মকর্তার উদাহরণ হয়ে থাকবে।
মতামত