সারাদেশ

পীরগঞ্জে এক শিশুসহ দুইজনের মৃত্যু।

প্রিন্ট
পীরগঞ্জে এক শিশুসহ দুইজনের মৃত্যু।

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সকাল ৯:১৪

পীরগঞ্জে এক শিশুসহ দুইজনের মৃত্যু। সোমবার সকালে লিচু খাইতে গিয়ে লিচুর বিচি গলায় আটকে এক শিশু এবং বিকেলে ঘরের চালের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়। সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের দলপতিপুর গ্রামে মাহমুদুলের আট মাস বয়সী ছেলে হোসেন লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, বিকেলে দৌলতপুর ইউনিয়নের খেটগাঁও সিন্দুল্লাহ গ্রামের সুরেন্দ্র রায়ের ছেলে কাঠমিস্ত্রি মিঠুন (৩০) আনোয়ার মুহুরীর বাড়িতে ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়ারিস ইয়াজদানি বলেন, সকালে হোসেন নামে এক শিশুকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আর বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হলে ইসিজি করার পর তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লিচুর বিচি গলায় আটকে এক শিশুর এবং ঘরের টিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপর একজনের মৃত্যুর খবর তাঁরা জেনেছেন। এ বিষয়ে থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।