এম এম জাকীর হুসাইন
মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি।
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টায় উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সুমনা আইরিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, সারাদেশের মতো মোল্লাহাটেও শান্তিপূর্ণভাবে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবে। এজন্য কৃষকরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন অ্যাপ অথবা সরাসরি আবেদন করতে পারবেন।
তিনি আরও বলেন, খাদ্য বিভাগের তালিকাভুক্ত মিলারদের কাছ থেকেও সরকার নির্ধারিত মূল্যে চাল সংগ্রহ করা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুর রহমান বলেন, ধান-চাল সংগ্রহ কার্যক্রমে কোনো ধরনের সিন্ডিকেট যেন প্রভাব বিস্তার করতে না পারে এবং কৃষক-শ্রমিকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে খাদ্য বিভাগ সতর্ক রয়েছে। অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে মোল্লাহাট উপজেলায় ৯০৮ মেট্রিক টন বোরো ধান এবং ১ হাজার ৩১৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলবে বলে খাদ্য বিভাগ নিশ্চিত করেছে।
মতামত