উপজেলা প্রতিনিধি রৌমারী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে বিশাল মোটরসাইকেল হাট “রৌমারী বাইক বাজার”। ব্যতিক্রমধর্মী এই আয়োজনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের জেলা ও উপজেলা থেকে ক্রেতা-বিক্রেতারা ভিড় জমাচ্ছেন এই বাইক বাজারে।
রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বাজার পরিচালনায় রয়েছেন আল আমিন অনিক, যিনি ঢাকা এয়ার ট্রাভেলস ও সুপ্ত আর্ট এন্ড প্রেসের স্বত্বাধিকারী হিসেবেও পরিচিত।
আয়োজক সূত্রে জানা গেছে, নতুন ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেল নিয়ে এই বাজারে অংশ নিয়েছেন স্থানীয় ও বহিরাগত বিক্রেতারা। তুলনামূলক কম দামে পছন্দের বাইক কেনা-বেচার সুযোগ থাকায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে। বাজারে বিভিন্ন মডেলের স্পোর্টস বাইক, কমিউটার বাইক ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী মোটরসাইকেল প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও মোটরসাইকেল বিক্রেতারা বলছেন, এমন আয়োজন রৌমারীতে এই প্রথম হওয়ায় ক্রেতাদের ব্যাপক সাড়া মিলছে। এতে যেমন ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষও একসাথে অনেক বাইক দেখে যাচাই-বাছাই করে কেনার সুযোগ পাচ্ছেন।
মিজান মটরসের মালিক বলেন,
“বাইক বাজার হওয়ার কারণে আমাদের বিক্রি যেমন বাড়ছে, ঠিক তেমনি যাদের বাজেট কম তারাও এখানে এসে নিজেদের পছন্দ অনুযায়ী বাইক কিনতে পারছে। এতে ক্রেতা ও বিক্রেতা—উভয়ই উপকৃত হচ্ছেন।”
অন্যদিকে চর শৌলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম বলেন,
“আমি চর শৌলমারী থেকে এখানে এসেছি কোনো ভালো বাইক কেনা যায় কিনা দেখতে। পছন্দ হলে আজই কিনে নিয়ে যাবো ইনশাআল্লাহ।”
বাইক বাজারে আগত অনেক দর্শনার্থী জানান, এক জায়গায় এত মোটরসাইকেল একসাথে আগে কখনো দেখা যায়নি। বাজারে নিরাপত্তা ব্যবস্থা, কাগজপত্র যাচাই ও ক্রেতাদের সহযোগিতার জন্য স্বেচ্ছাসেবক টিমও কাজ করছে বলে জানিয়েছেন আয়োজকরা।
স্থানীয়দের ধারণা, নিয়মিতভাবে এমন আয়োজন করা হলে রৌমারীতে মোটরসাইকেল বেচাকেনার একটি বড় কেন্দ্র গড়ে উঠতে পারে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
মতামত