সারাদেশ

কাপাসিয়া বারিষাব ইউনিয়নে প্রতিবন্ধী আলমগীরকে মারধর ও প্রাণনাশের হুমকি!

প্রিন্ট
কাপাসিয়া বারিষাব ইউনিয়নে প্রতিবন্ধী আলমগীরকে মারধর ও প্রাণনাশের হুমকি!

ছবি : মো: সিরাজুল ইসলাম


প্রকাশিত : ১০ মে ২০২৬, বিকাল ৪:০৪

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বানারকান্দি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা, জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি করেছে। স্থানীয়দের ভাষ্য, “মানবিকতার সুযোগ নিয়ে একজন প্রতিবন্ধীর উপর যেভাবে নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।” ঘটনাটি ঘটে গত শুক্রবার (৮ মে ২০২৬ ইং) সরকার বাড়ি সংলগ্ন নবুর টেক এলাকায়। ভুক্তভোগী আলমগীর, পিতা মৃত ছাত্তার মাস্টার, গ্রামের সাধারণ ও অসহায় একজন প্রতিবন্ধী ব্যক্তি। অভিযোগে জানা যায়, এলাকার মানুষের চলাচলের সুবিধার জন্য তিনি স্বেচ্ছায় নিজের জমির একটি অংশ রাস্তার জন্য ছেড়ে দেন। পরে সেই সুযোগকে কেন্দ্র করে অভিযুক্ত আব্দুল হক মাস্টার, নুরি ও সিরাজসহ কয়েকজন ব্যক্তি আরও অতিরিক্ত জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত আব্দুল হক মাস্টার নিজের জমি রক্ষা করার উদ্দেশ্যে কৌশলে আলমগীরের জমি থেকে আরও বড় অংশ রাস্তার নামে কেটে নেন। শুধু তাই নয়, আলমগীরের অনুপস্থিতিতে লোকজন নিয়ে গিয়ে জমি কেটে নেওয়া, গাছপালা কর্তন এবং জোরপূর্বক রাস্তার কাজ চালানোর অভিযোগও উঠেছে। ভুক্তভোগী আলমগীর জানান, “আমি এলাকার মানুষের সুবিধার জন্য আগেই জমি দিয়েছি। কিন্তু পরে আমাকে কিছু না জানিয়ে আবারও আমার জমি কেটে নেওয়া হয়। আমি প্রতিবাদ করলে আব্দুল হক মাস্টার ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। আমাকে ভয়ভীতি দেখিয়ে বলেন—‘তোকে মেরে লাশ গুম করে ফেলবো।’ একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।” স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্তরা নিজেদের প্রভাব ও ক্ষমতা ব্যবহার করে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আপাতত রাস্তার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। ভুক্তভোগী আলমগীর ইতোমধ্যে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। এলাকার সচেতন মহলের দাবি— একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তির জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক। অন্যথায় ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রশ্ন উঠেছে—একজন প্রতিবন্ধী মানুষ কি নিজের জমির নিরাপত্তাও পাবেন না? ক্ষমতার কাছে কি অসহায় মানুষের অধিকার বারবারই হার মানবে?