সারাদেশ

ঘুষের টাকা নাকি আইনের জরিমানা? সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অটোরিকশা চালকরা

প্রিন্ট
ঘুষের টাকা নাকি আইনের জরিমানা? সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অটোরিকশা চালকরা

প্রকাশিত : ১০ মে ২০২৬, সকাল ১১:৫৩

ঘুষের টাকা নাকি আইনের জরিমানা? সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন অটোরিকশা চালকরা ​মোঃ আবু তালহা সাভার প্রতিনিধি : ​সাভারে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে মানি রিসিট বা বৈধ রসিদ ছাড়াই অর্থ আদায়ের অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। আজ শনিবার (০৯ মে) দুপুরে মহাসড়কের পাকিজা এলাকায় শহীদ ইয়ামিন চত্বরে এই ঘটনা ঘটে। অবরোধের ফলে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা। ​জানা যায়, বিক্ষোভকারী চালকদের দাবি, মহাসড়কে অটোরিকশা চলাচলের দায়ে হাইওয়ে পুলিশ নিয়মিতভাবে গাড়ি প্রতি ২ হাজার ৬শ টাকা করে আদায় করছে। কিন্তু এই বিপুল পরিমাণ অর্থ আদায়ের বিপরীতে পুলিশ কোনো প্রকার বৈধ রসিদ বা সরকারি কাগজপত্র প্রদান করে না। ​বিক্ষুব্ধ এক চালক বলেন, আমরা পেটের দায়ে রাস্তায় নামি। পুলিশ প্রায়দিন আমাদের আটক করে টাকা নেয়, কিন্তু কোনো কাগজ দেয় না। এই অবৈধ হয়রানি বন্ধের দাবিতেই আমরা আজ রাস্তায় নেমেছি। ​ ​দুপুরে অবরোধ শুরু হলে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকায় কয়েক কিলোমিটার এলাকা স্থবির হয়ে পড়ে। বিশেষ করে গরমে গণপরিবহনে আটকে থাকা যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। ​পুলিশের হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ ​খবর পেয়ে দ্রুত সাভার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারী চালকদের সাথে আলোচনায় বসে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলে চালকরা মহাসড়ক ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। ​ ​অটোরিকশা চালকদের অভিযোগ অস্বীকার করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাজাহান। তিনি বলেন, মহাসড়কে থ্রি-হুইলার বা অটোরিকশা চলাচল আইনত নিষিদ্ধ। আমরা শুধুমাত্র নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। অবৈধভাবে অর্থ আদায়ের যে অভিযোগ তোলা হয়েছে তা সঠিক নয়। ​বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল এবং পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।