ছবি : এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী বাছাইয়ে চমক দেখাল বাংলাদেশ! লাওসকে হারাল ৩-১ গোলে।
সিরাজগঞ্জ প্রতিনিধি :সবুর
এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ নারী বাছাইপর্বে জয় দিয়ে অভিযাত্রা শুরু করল বাংলাদেশ। বুধবার ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। প্রথমার্ধেই সাগরিকার পায়ের জাদুতে ১-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের দল। বিরতির পরেও থেমে থাকেনি বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল যোগ করে জয় নিশ্চিত করে তারা।
বাংলাদেশের হয়ে দুটি গোল করেন মোসাম্মত সাগরিকা, অপর গোলটি এসেছে মুনকির পা থেকে। লাওসও দ্বিতীয়ার্ধে একবার জালের দেখা পেলেও বাংলাদেশের জয়ে কোনো প্রভাব ফেলতে পারেনি।
এই জয়ের মাধ্যমে ‘এইচ’ গ্রুপে শুভ সূচনা করল বাংলাদেশ। গ্রুপের শীর্ষে থেকে শেষ করতে পারলে তারা খেলবে আগামী বছরের মূল পর্বে। দ্বিতীয় হলেও থাকছে সুযোগ; সে ক্ষেত্রে আটটি গ্রুপের রানার্সআপদের মধ্যে সেরা তিনে থাকতে হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এর আগে বাংলাদেশ দল ১২ ম্যাচ খেলে মাত্র দুটি জিতেছিল। লাওসের বিপক্ষে এই জয় তাদের তৃতীয় সাফল্য।
আগামী শুক্রবার গ্রুপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে পূর্ব তিমুরের। আত্মবিশ্বাস এখন তুঙ্গে, তাই আরও একবার জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশায় লাল-সবুজের কিশোরীরা।
মতামত