বিভাগীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় মনোনীত মিরাজুল: স্বপ্ন এখন বিশ্বজয়ের
নিজস্ব প্রতিবেদক,আবদুল আউয়াল কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
০৭ মে ২০২৬ইং
কণ্ঠের মাধুর্য আর অসামান্য মেধার সমন্বয়ে ইসলামিক ফাউন্ডেশন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ এ চমক দেখিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জের ১৩ বছর বয়সী কিশোর মো. মিরাজুল ইসলাম। উপজেলা ও জেলা পর্যায়ে কয়েকশ প্রতিযোগীকে পেছনে ফেলে সে এখন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে লড়াই করার প্রস্তুতি নিচ্ছে।
সিরাজপুর ৫নং ওয়ার্ডের বাইতুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স ও এতিমখানার কৃতি শিক্ষার্থী মিরাজুল ইসলামের এই গৌরবোজ্জ্বল সাফল্য পুরো উপজেলাজুড়ে প্রশংসিত হচ্ছে। মাত্র ১৩ বছর বয়সে কোরআনের হাফেজ হওয়ার গৌরব অর্জন করে সে জেলা পর্যায়ে নিজের অপ্রতিদ্বন্দ্বী মেধার প্রমাণ দিয়েছে।
সাফল্যের অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ মিরাজুল ইসলাম বলে,
“আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি ও ওস্তাদদের কঠোর পরিশ্রমের কারণেই আমি এই সাফল্য পেয়েছি। আমার স্বপ্ন হলো বিভাগীয় পর্যায়েও ভালো করা এবং ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে কোরআনের আলো ছড়িয়ে দেশের সুনাম বয়ে আনা।”
মিরাজুলের এই সাফল্যে খুশি তার শিক্ষক ও এলাকাবাসী। মাদ্রাসার শিক্ষকরা জানান, মিরাজুলের ঐকান্তিক প্রচেষ্টা এবং ধৈর্য তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। তারা আশা করছেন, বিভাগীয় পর্যায় পেরিয়ে মিরাজুল জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও কোম্পানীগঞ্জ তথা দেশের নাম উজ্জ্বল করবে।
বর্তমানে মিরাজুল বিভাগীয় প্রতিযোগিতার জন্য নিবিড় প্রস্তুতি গ্রহণ করছে। তার এই সাফল্যে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মতামত